বাহরাইনের রিফা এয়ার বেসে থাকা যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
রবিবার (১৫ নম্ভেম্বর) আইআরজিসি-ঘনিষ্ঠ ইরানি সংবাদ সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ফার্সে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের বিমানবাহিনী ছয়টি ড্রোন ব্যবহার করে রিফা এয়ার বেসে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে সফলভাবে আঘাত হেনেছে।
এর আগে কয়েক ঘণ্টার ব্যবধানে সম্ভাব্য একটি অজ্ঞাত হুমকির বিষয়ে একাধিকবার সতর্কতা জারি করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাগরিকদের শান্ত থাকতে, নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং সরকারি সূত্র অনুসরণ করতে বলা হয়।
আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র জলপথটি দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে বা জাহাজ এসকর্ট করতে ‘ব্যর্থ’ হয়েছে।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে ‘আরও কঠোর ও বিধ্বংসী’।
তবে আইআরজিসির এই হামলার দাবির বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।


