শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি ও কলকারখানার উন্নয়নের লক্ষ্যে আন্দোলন করা যৌক্তিক বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তবে শ্রমিকদের ন্যায্য আন্দোলন যাতে কোনো অপশক্তি ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের সাথে নিয়ে ভাসানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, শ্রমিকেরা অবশ্যই আন্দোলন করবেন। তবে তা হতে হবে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মজুরি বৃদ্ধি এবং কলকারখানার উন্নয়নের লক্ষ্যে। আমরা মনে করি, নিজেদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের আন্দোলন যৌক্তিক। তবে অপশক্তি যেন তাদের ন্যায্য আন্দোলনকে প্রভাবিত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, ফ্যাসিস্ট শক্তি নানা উপায়ে শ্রমিকদের আন্দোলনে প্রবেশ করে তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ বিষয়ে শ্রমিকদের সচেতন ও সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যেন তাদের ন্যায্য আন্দোলনকে প্রভাবিত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। শ্রমিক আন্দোলন যেন শ্রমিকদের নিজেদের আন্দোলন হিসেবেই থাকে।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ অনুযায়ী, প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকারও সেই বিধান গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় আসায় সরকার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান বাজারদর, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া বিবেচনার পাশাপাশি কলকারখানার উন্নয়ন ও বিকাশ নিশ্চিত করাও জরুরি।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্মরণসভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।


