...|...|...

রাজনীতি

অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৫
Shares
অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি।

২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এই সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন শফিকুর রহমান। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। মালয়েশিয়া সফরেও প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে শফিকুর রহমানকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ সময় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতার।