টানা পতনের মুখে থাকা স্বর্ণের দরে এবার ‘বিশাল’ পতন ঘটেছে দেশের বাজারে। এক লাফে মূল্যবান হলুদ ধাতুটির দাম ভরিতে কমে গেছে ১০ হাজার ৯৬৪ টাকা।
এতে প্রতি ভরি ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দর নিয়ে নতুন এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে স্বর্ণের দাম নতুন করে এভাবে সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং।
বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনা এখন ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা পড়বে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।

