...|...|...

জাতীয়

তারেক রহমানের ‘সীমান্তের ওপারের প্রভু’ মন্তব্যে যা জানাল ভারত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩০
Shares
তারেক রহমানের ‘সীমান্তের ওপারের প্রভু’ মন্তব্যে যা জানাল ভারত

রণধীর জয়সওয়াল এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন ‘সীমান্তের ওপারের প্রভুদের’ নির্দেশে পরিচালিত হচ্ছে—প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে ভারত।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। খবর দ্য হিন্দুর।

এর আগে, বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান এবং তাকে দেশে ফিরিয়ে আনার দাবিকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী কর্মসূচির শেষে এ লকডাউনের ডাক দেয় আওয়ামী লীগ। শেখ হাসিনা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন।

বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেননি।

হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারতের নাম সরাসরি উল্লেখ না করে তিনি আরও বলেন, একই সাথে সীমান্তের ওপারের যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু… সেই প্রভুদের সন্তুষ্ট করতে তারা আবারও বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

প্রতিবেদনে উল্লেখ্য করা হয়, আওয়ামী লীগের ডাকা লকডাউন দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি প্রভাব ফেলেছে, যেখানে দলটির সাংগঠনিক উপস্থিতি বেশি।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।

এদিকে ভারত আবারও জানিয়েছে, বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখাই তাদের লক্ষ্য।

রণধীর জয়সওয়াল বলেন, আমাদের অবস্থান অপরিবর্তিত—ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায়। এই সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস ও দুই দেশের মানুষের সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত।

গঙ্গা পানি চুক্তি নিয়েও কথা

গঙ্গার পানি বণ্টন চুক্তি আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এ বিষয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনই গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদী ও পানিসংক্রান্ত বিষয় আলোচনার প্রতিষ্ঠিত কাঠামো।

তিনি আরও বলেন, ভারতের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের সাথে গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।