...|...|...

অর্থনীতি

স্বর্ণের সাথে কমলো রুপার দামও

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৩
Shares
স্বর্ণের সাথে কমলো রুপার দামও

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। এবার স্বর্ণের ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা এবং রুপার ভরিতে ৩৫০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

 শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। এর আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা সাত দফায় স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি। সেদিন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৫ দফায়। বাকি এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ দফায় দাম বাড়ানোর বিপরীতে কমানো হয়েছিল ২৯ দফায়।

এদিকে, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৯২৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৮০ বার রুপার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৪৪ দফায় কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার। ওই বছর ১০ দফায় দাম বাড়লেও কমানো হয়েছিল মাত্র তিন দফায়।