...|...|...

অর্থনীতি

টানা ৫ দিন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৩
Shares
টানা ৫ দিন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

ফাইল ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন থামছেই না। শুক্রবার দাম নেমে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা, শক্তিশালী ডলার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে পতনের প্রভাব স্বর্ণের বাজারেও পড়ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার দিনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমে যায়। পরে বাংলাদেশ সময় শনিবার (২১ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম দাঁড়ায় ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে। আগের দিনের তুলনায় এ দাম প্রায় ৩ শতাংশ কম।

এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস স্বর্ণের দাম কমলো। চলতি সপ্তাহে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হয়েছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

এদিকে ডিসেম্বর ডেলিভারির যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে স্থির হয়েছে।

বিশ্লেষকদের মতে, এআই খাতের শেয়ারে বড় পতনের কারণে অনেক বিনিয়োগকারী অন্য খাতের লোকসান সামাল দিতে স্বর্ণের বিনিয়োগও বিক্রি করছেন। একই সাথে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে—এমন প্রত্যাশা এবং শক্তিশালী ডলার স্বর্ণের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন মূল্যস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে বলেছেন, পরিস্থিতি বিবেচনায় সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে।

বাজার বিশ্লেষকদের হিসাবে, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৬ শতাংশ।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৯৯ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ৩ দশমিক ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ।

বাজার বিশ্লেষক জিম ওয়াইকফ মনে করেন, আগামী কয়েক কার্যদিবসেও স্বর্ণ ও রুপার দাম আরও কমতে পারে। তবে খুব শিগগিরই এই নিম্নমুখী প্রবণতা থামার সম্ভাবনাও রয়েছে বলে তার ধারণা।