বাংলাদেশের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকতার বিশেষ কোর্সের আয়োজন করেছে ভারত সরকার। হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আগামী ২৫ অক্টোবর থেকে এই কর্মশালা শুরু হবে। এই কোর্সে অংশগ্রহণকারীদের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ভারতীয় হাইকমিশনের (ঢাকা) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ভারতীয় হাই কমিশন আইটেক স্কিমের আওতায় বাংলাদেশের সাংবাদিকগণের জন্য “সাংবাদিকতা ও জনসংযোগ (জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশন্স)” বিষয়ক একটি সক্ষমতা-বৃদ্ধি বিষয়ক কোর্সের আয়োজন করতে যাচ্ছে, যেটি ২৫–৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।



