...|...|...

বিশ্ব

বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:০৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২০
Shares
বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল

বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার আওতায় দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনায় ভারত প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের গতিপথ নিয়ে ভারত আগেও তাদের অবস্থান জানিয়েছে। ভারত সব সময় বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চেয়ে এসেছে। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মধ্য থেকেই সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।

তিনি বলেন, ‘এটাই আমাদের অভিপ্রায়। আমরা চাই, আমাদের সম্পর্কের অভিমুখ ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী হোক।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়টি সামনে এসেছে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে নিয়োগ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার মধ্যে এ নিয়োগকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা যায় কি না।

জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ককে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী করার বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই রয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনীর আসন্ন বহুপক্ষীয় মহড়া ‘তরঙ্গ শক্তি’তে অংশ নেওয়ার বিষয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। ভারতের বিমানবাহিনী জানিয়েছে, বাংলাদেশ ওই মহড়ায় সি-১৩০জে পরিবহন বিমান পাঠাবে।

এ সিদ্ধান্তকে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে দেখা যায় কি না এমন প্রশ্নের জবাবেও জয়সোয়াল দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী করার ভারতের অভিপ্রায়ের কথা পুনর্ব্যক্ত করেন।

ভারতের বিমানবাহিনী আয়োজিত ‘তরঙ্গ শক্তি’ মহড়া ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত রাজস্থানের যোধপুর এয়ার ফোর্স স্টেশন ও আশপাশের বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহড়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বাংলাদেশ অংশ নেবে। আরও ৩২টি দেশ পর্যবেক্ষক হিসেবে মহড়ায় উপস্থিত থাকবে। ২০২৪ সালে প্রথমবারের মতো ভারতে ‘তরঙ্গ শক্তি’ মহড়া অনুষ্ঠিত হয়। ওই বছর বাংলাদেশ পর্যবেক্ষক হিসেবে এতে অংশ নিয়েছিল।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানতে চান, সফর নিয়ে আলোচনার সময় বাংলাদেশ আগে যে তিনটি শর্তের কথা জানিয়েছিল, নতুন করে আলোচনা শুরুর পর সেগুলো প্রত্যাহার করা হয়েছে কি না।

জবাবে রণধীর জয়সোয়াল কোনো মন্তব্য না করে বলেন, এ বিষয়ে কিছু বলার থাকলে পরে জানানো হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অধিবেশনের ফাঁকে তাঁর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্ন করা হলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কাছে এখনো কোনো তথ্য নেই।