গোপালগঞ্জ জেলার দুই বাসিন্দাকে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তা করার অভিযোগে সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছে ভারত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-২৪ পরগণার স্বরূপনগরের বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দাহারকান্দ সীমান্ত দিয়ে এ দুই বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করেন। তারা গতকাল রাতে কাঁটাতারের সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা হাতেনাতে আটক করেন।
এরপর তাদের কলকাতা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা গৌতম অধিকারী নামে এক সেনা সদস্যের নাম বলেন। তার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলির মাগরা। তিনি রাজস্থানের যোদপুরে মোতায়েন ছিলেন। কিন্তু ছুটিতে বর্তমানে বাড়িতে ছিলেন।
নাম আসার পর পুলিশ ওই সেনাসদস্যকে তার বাড়িতে গিয়ে গ্রেফতার করে।
ওই দুই বাংলাদেশি কেন ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন সেটি জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালত তাদের তিনজনের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


