...|...|...

রাজনীতি

উমামা ফাতেমাকে বিমানবন্দরে আটকের খবর ভুয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৭
Shares
উমামা ফাতেমাকে বিমানবন্দরে আটকের খবর ভুয়া

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী উমামা ফাতেমাকে দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে বলা হয়েছে, একটি প্যারোডি ও স্যাটায়ারধর্মী ফেসবুক পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করার মাধ্যমে এই বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, ‘দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন উমামা ফাতেমা। তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিমান থেকে ধরে নিয়ে আসে পুলিশ।’

তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটি জানায়, এ বিষয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও উমামা ফাতেমাকে বিমানবন্দরে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে এমন কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত ফটোকার্ডটির উৎস অনুসন্ধান করতে গিয়ে ‘Gojobvision’ নামের একটি ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে নিয়মিত প্যারোডি ও স্যাটায়ারধর্মী বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হয়। একই ধরনের আরও ব্যঙ্গাত্মক পোস্টও রয়েছে পেজটিতে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, ওই পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই আলোচিত ফটোকার্ডটির সূত্রপাত। পরে সেটিকে ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবে উপস্থাপনের পরিবর্তে বাস্তব ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

রিউমর স্ক্যানার জানিয়েছে, উমামা ফাতেমাকে দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের দাবিটি মিথ্যা। এ ধরনের কোনো ঘটনার পক্ষে নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ফটোকার্ড ও এর সঙ্গে সংশ্লিষ্ট দাবিকে বিভ্রান্তিকর প্রচারণা হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি।