১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে সিভিল জজ নিয়োগের এ পরীক্ষায় সাময়িকভাবে ২০০ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন করলে, যোগ্যতার কোনো ঘাটতি থাকলে কিংবা আবেদনপত্রে কোনো ধরনের অসঙ্গতি বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিতির স্থান, তারিখ ও সময় নির্ধারণ করে যথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড এবং কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।
স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত হলে তার মনোনয়ন বাতিল হবে। একইভাবে, প্রাক-পরিচয় যাচাই বা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলেও সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ২০০ প্রার্থীর এ সাময়িক মনোনয়ন তাদের নিয়োগপ্রাপ্তির কোনো অধিকার সৃষ্টি করে না।
এ ছাড়া প্রকাশিত ফলাফলে কোনো ধরনের ত্রুটি ধরা পড়লে কিংবা যুক্তিসঙ্গত কারণে প্রয়োজন মনে করলে কমিশন ফলাফল পরিবর্তন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতা সংরক্ষণ করে।
সংশ্লিষ্ট সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্তভাবে নিয়োগের বিষয়টি নির্ধারিত হবে।



