রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বোমাবাজি ও যানবাহনে আগুন দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। দলটির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বোমাবাজি ও আগুন সন্ত্রাস করেছে। এসব ঘটনার জন্য আওয়ামী লীগের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের দক্ষিণ গেট থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।
ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদ জানান। একই সাথে এসব ঘটনায় আওয়ামী লীগের বিচার দাবি করেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক, অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, মো. শহীদুল্লাহ, মহানগরী মজলিসে শূরা সদস্য মাস্টার আশরাফুল আলম, মনিরুল ইসলাম মৃধা, অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, আব্দুল মোতাকাব্বির প্রমুখ।


