সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সমাবেশ থেকে গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানান স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। পরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মড়ল, রেজাউল ইসলাম, আসিসুর রহমান, নুরনগরের আবুল ইউসুফসহ বিএনপির স্থানীয় বিভিন্ন নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, গাজী নজরুল ইসলাম সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে ভোট নিয়েছেন। তাদের দাবি, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ও পরবর্তী কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ সময় গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী শাহজাহান বলেন, আমি আগে জামায়াতের কর্মী ছিলাম। আমার দাবি, যারা জামায়াতের ঘোষিত কর্মী ছিলেন বা এখনো আছেন, তাদের চোখ খোলার দরকার। মানুষের সামনে বিষয়গুলো তুলে ধরতে হবে। চারিত্রিক ও মানবিক দিক বিবেচনায় বিষয়গুলো নিয়ে তাদের ভাবা দরকার।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বের করতে হবে। পাশাপাশি মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তদন্তে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেফতার দেখিয়েছে।


