পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির পাশের পুকুরে পড়ে রাইসা (৪) ও ফারিহা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে পড়ে যায় তারা। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো বোন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাইসা রহমত আলীর মেয়ে এবং ফারিহা রহমত আলীর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে।
নিহতদের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, প্রায় এক মাস আগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার তার মেয়ে ফারিহাকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর থেকে তারা সেখানেই ছিলেন।
শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলছিল। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায় তারা। এ সময় অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।
দীর্ঘ সময় তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে মেয়েকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ফারিহাকেও উদ্ধার করা হয়।
এরপর দুজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


