চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এ সুযোগে শিশুরা পরিবারের সদস্যদের না জানিয়ে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্যান্য সময়ে নদীটিতে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশ ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।
সম্প্রতি বৃষ্টিপাত ও পদ্মা নদীর পানি বাড়ার কারণে মরা নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু সেখানে গোসল করতে নামলে একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে থাকায় শিশুরা কখন নদীতে নেমেছিল, তা পরিবারের সদস্যরা প্রথমে জানতে পারেননি। পরে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে ডুবে যাওয়ার বিষয়টি জানা যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন। পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

