...|...|...

সারাদেশ

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে অস্বাভাবিক অর্থপ্রবাহ নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ১০:৩২
Shares
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে অস্বাভাবিক অর্থপ্রবাহ নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বিকাশসহ মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অস্বাভাবিক অর্থপ্রবাহের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, এসব লেনদেনে অর্থের প্রবাহ স্বাভাবিক কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে অর্থ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

পত্রিকায় প্রকাশিত তথ্যের বরাত দিয়ে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, মোবাইল আর্থিক সেবার মাধ্যমে এসব লেনদেনের অর্থপ্রবাহ স্বাভাবিক কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

এদিকে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, রমজান সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। বাজারেও পণ্যের সরবরাহ স্থিতিশীল আছে। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।

সয়াবিন ও পাম তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব পণ্যের উৎস বাংলাদেশ নয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। প্রচলিত মূল্য নির্ধারণের ফর্মুলা অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও বেশি হওয়ার কথা থাকলেও আমদানিকারকদের সাথে আলোচনা করে বর্তমান দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকোর চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।