...|...|...

তথ্যপ্রযুক্তি

টাকা লেনদেন বা কেনাকাটায় কিউআর কোড স্ক্যান করার আগে যে বিষয়গুলো জানা জরুরি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৭
Shares
টাকা লেনদেন বা কেনাকাটায় কিউআর কোড স্ক্যান করার আগে যে বিষয়গুলো জানা জরুরি

ছবি: সংগৃহীত

বর্তমানে টাকা লেনদেন থেকে শুরু করে কেনাকাটা, রেস্টুরেন্টে খাবারের বিল পরিশোধ কিংবা বিভিন্ন সেবার তথ্য জানতে কিউআর কোডের ব্যবহার বেড়েছে। স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোড স্ক্যান করলেই মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় তথ্য বা পেমেন্টের সুবিধা পাওয়া যায়। তবে সহজ এই প্রযুক্তি ব্যবহারে অসতর্ক হলে আর্থিক প্রতারণা কিংবা ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিতে পড়তে পারেন ব্যবহারকারীরা।

বাংলাদেশেও বাংলা কিউআর, মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবায় কিউআর কোডের ব্যবহার বাড়ছে। কিন্তু সমস্যা হলো, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই একটি কিউআর কোডের ভেতরে কোন ওয়েবসাইটের ঠিকানা বা তথ্য সংরক্ষিত রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতারকেরা ব্যবহারকারীদের ভুয়া ওয়েবসাইটে নিয়ে যেতে কিংবা ভুল অ্যাকাউন্টে টাকা পাঠাতে প্রলুব্ধ করতে পারে।

তাই কিউআর কোড ব্যবহারের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

১. কিউআর কোডের ওপর স্টিকার লাগানো আছে কি না দেখুন

দোকান, রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে রাখা আসল কিউআর কোডের ওপর প্রতারকেরা নকল কোডের স্টিকার বসিয়ে দিতে পারে। এতে ব্যবহারকারী সঠিক প্রতিষ্ঠানের পরিবর্তে প্রতারকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারেন।

তাই স্ক্যান করার আগে কোডটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন। নতুন কোনো স্টিকার, অস্বাভাবিক চিহ্ন কিংবা কোডের অবস্থান সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের সাথে কথা বলে নিশ্চিত হয়ে নিন।

২. স্ক্যান করার পর ওয়েবসাইটের ঠিকানা যাচাই করুন

কোনো কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে লিংকে প্রবেশ করা উচিত নয়। প্রথমে ওয়েবসাইটের ঠিকানা পরীক্ষা করুন। সেটি সংশ্লিষ্ট ব্যাংক, প্রতিষ্ঠান কিংবা সেবাদাতার প্রকৃত ওয়েবসাইট কি না, নিশ্চিত হয়ে নিন।

অনেক সময় প্রতারকেরা পরিচিত প্রতিষ্ঠানের নামের সাথে সামান্য পরিবর্তন এনে ভুয়া ওয়েবসাইট তৈরি করে। ফলে দেখতে আসল মনে হলেও সেখানে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য দিলে বিপদ হতে পারে। মনে রাখতে হবে, ওয়েবসাইটে তালা চিহ্ন বা HTTPS থাকলেই সেটি বিশ্বাসযোগ্য হয়ে যায় না।

৩. টাকা পাঠানোর আগে প্রাপকের পরিচয় নিশ্চিত করুন

কিউআর কোড ব্যবহার করে অর্থ পরিশোধের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাপকের নাম যাচাই করা।বাংলা কিউআর কিংবা অন্য কোনো ডিজিটাল পেমেন্ট সেবায় টাকা পাঠানোর আগে অ্যাপে প্রদর্শিত প্রাপকের নাম সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের সাথে মিলিয়ে নিন।

কোনো রেস্টুরেন্টে বিল দেওয়ার সময় অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেখালে লেনদেন সম্পন্ন করবেন না। প্রথমে দোকান কর্তৃপক্ষের সাথে বিষয়টি যাচাই করুন।শুধু টাকার পরিমাণ সঠিক থাকলেই লেনদেন নিরাপদ হয় না। অর্থ কার কাছে যাচ্ছে, সেটিও নিশ্চিত করা জরুরি।

৪. পাসওয়ার্ড ও ওটিপি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কিউআর কোড স্ক্যান করার পর কোনো ওয়েবসাইটে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড, ওটিপি কিংবা কার্ডের গোপন তথ্য চাওয়া হলে সতর্ক হতে হবে।বিশেষ করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এসএমএস কিংবা ইমেইলে পাঠানো অপরিচিত কিউআর কোড ব্যবহারে বাড়তি সতর্কতা প্রয়োজন।

প্রতারকেরা অনেক সময় অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে কিংবা জরুরি যাচাইয়ের কথা বলে ব্যবহারকারীদের তথ্য দিতে বাধ্য করার চেষ্টা করে।এ ধরনের পরিস্থিতিতে কোনো তথ্য না দিয়ে সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিশিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করাই নিরাপদ।

৫. পুরস্কার ও টাকা ফেরতের প্রলোভনে পা দেবেন না

অনলাইনে পুরস্কার জেতা, কুরিয়ারে আসা পার্সেল গ্রহণ কিংবা ভুল লেনদেনের টাকা ফেরত দেওয়ার কথা বলে কিউআর কোড পাঠানো হতে পারে।অনেক ক্ষেত্রে এসব কোড স্ক্যান করলে ব্যবহারকারীকে ভুয়া পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যক্তিগত বা ব্যাংকিং তথ্য সংগ্রহের চেষ্টা করে প্রতারকেরা।

তাই অপ্রত্যাশিত পুরস্কার, টাকা ফেরত কিংবা পার্সেল ছাড়ানোর বার্তা পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য মাধ্যমে তথ্য যাচাই করুন।

৬. অপরিচিত জায়গার কিউআর কোড এড়িয়ে চলুন

রাস্তার দেয়াল, বিদ্যুতের খুঁটি, লিফলেট কিংবা অপরিচিত পোস্টারে থাকা কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকা প্রয়োজন।কোডটি কে বসিয়েছে এবং স্ক্যান করলে কোন ওয়েবসাইটে নিয়ে যাবে, তা নিশ্চিত না হলে ব্যবহার না করাই ভালো।বিশেষ করে কোনো কোড স্ক্যানের পর অজানা অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করার নির্দেশনা এলে তা এড়িয়ে চলুন।

৭. কিউআর কোড স্ক্যান করলেই কি ফোন হ্যাক হতে পারে?

সাধারণভাবে শুধু কিউআর কোড স্ক্যান করলেই স্মার্টফোন হ্যাক হয়ে যায় না। তবে সেই কোডের মাধ্যমে ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ, সন্দেহজনক অ্যাপ ইনস্টল কিংবা ব্যক্তিগত তথ্য প্রকাশ করলে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।তাই কোড স্ক্যান করার পর কোন লিংকে প্রবেশ করছেন এবং কী ধরনের অনুমতি বা তথ্য চাওয়া হচ্ছে, সেদিকে খেয়াল রাখুন।

সন্দেহজনক কিউআর কোড স্ক্যান করলে করণীয়

ভুল করে সন্দেহজনক কোনো কিউআর কোড স্ক্যান করলে প্রথমেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যদি কোনো তথ্য না দিয়ে থাকেন কিংবা লেনদেন সম্পন্ন না করেন, তাহলে সংশ্লিষ্ট ওয়েবপেজ বন্ধ করে দিন।

তবে পাসওয়ার্ড দিয়ে থাকলে দ্রুত পরিবর্তন করুন। ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার গোপন তথ্য প্রকাশ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রাহকসেবায় যোগাযোগ করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিন।কোনো অপরিচিত অ্যাপ ইনস্টল করে থাকলে সেটি সরিয়ে ফেলুন এবং ফোনের নিরাপত্তা সেটিংস ও অ্যাপের অনুমতিগুলো পরীক্ষা করুন।

সব মিলিয়ে, কিউআর কোড ডিজিটাল লেনদেনকে সহজ ও দ্রুত করেছে। তবে প্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি সচেতন থাকাও জরুরি। কোডের উৎস, ওয়েবসাইটের ঠিকানা এবং টাকা গ্রহণকারীর পরিচয় যাচাই করার অভ্যাস গড়ে তুললে অনেক ধরনের অনলাইন প্রতারণার ঝুঁকি এড়ানো সম্ভব।