শেয়ারবাজারে অভিষেকের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের আলোচিত প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিপুলসংখ্যক কর্মী রাতারাতি মিলিয়নিয়ার হয়ে গেছেন; কেউ কেউ হয়েছেন একাধিকবার মিলিয়নিয়ার।
নিয়ন্ত্রক সংস্থার নথি অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা ছিল ৫ হাজার ৩০০। অ্যানথ্রপিক শেয়ারপ্রতি ৮৩ ডলারে আইপিও মূল্য নির্ধারণ করার পর প্রায় ৬০০ কর্মী ‘সেন্টি-মিলিয়নিয়ার’ বা শতকোটিপতি শ্রেণিতে ঢুকে পড়েছেন। বেসরকারি কোম্পানির শেয়ারের তথ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান হিল ডটকমের তথ্যমতে, তাদের শেয়ারের মূল্য ১০ কোটি ডলারের বেশি।
প্রতিষ্ঠানের ভেতরে ‘অ্যান্টস’ নামে পরিচিত কর্মীদের মধ্যে ২ হাজার ৮০০ জনের শেয়ারের মূল্য ১ কোটি ডলার ছাড়িয়েছে। সব মিলিয়ে প্রায় ৫ হাজার ১০০ জন—অর্থাৎ ৯৬ শতাংশ কর্মীর শেয়ারের মূল্য ১০ লাখ ডলারের ওপরে দাঁড়িয়েছে।
হিলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু বেনসন গত বৃহস্পতিবার সিএনএনকে বলেন, সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এটি কত দ্রুত ঘটেছে। তিনি জানান, অ্যানথ্রপিক ছেড়ে যাওয়ার প্রবণতা কর্মীদের মধ্যে খুবই কম ছিল। বেনসনের ভাষায়, অনেক দিন ধরেই স্পষ্ট ছিল যে অ্যানথ্রপিক একটি রকেটের মতো ছুটছে; তাই কেউ চাকরি ছাড়তে চাইতেন না, কারণ তারা জানতেন এর সুযোগ-ব্যয় কতটা বড়।
সিলিকন ভ্যালির স্টার্টআপগুলো সাধারণত নগদ অর্থের সংকটে থাকায় বেতনের পাশাপাশি শেয়ারও দেয়। ভবিষ্যতে বড় কোনো প্রতিষ্ঠানের অধিগ্রহণ বা আইপিওর আশায় কর্মীরা পরিশ্রম করেন। তবে অ্যানথ্রপিকের মতো এত দ্রুত ও বড় পরিসরে বেড়ে ওঠা স্টার্টআপ বিরল। ২০২১ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির ২০২৪ সালের শেষেও কর্মীসংখ্যা ছিল এক হাজারের কম।
বেনসন আরও বলেন, আর্থিক সুফলের ক্ষেত্রে পদমর্যাদার চেয়ে আগে যোগ দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। কেউ হয়তো নিচের পদে ছিলেন, কিন্তু ২০২৩ বা ২০২৪ সালে যুক্ত হয়ে থাকলে এ বছরের শুরুতে যোগ দেওয়া জ্যেষ্ঠ কর্মীর চেয়ে তাঁর লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তুলনায় স্পেসএক্স গত জুনে আলোচিত আইপিওর আগে দুই দশকের বেশি সময় বেসরকারি কোম্পানি হিসেবে ছিল। ২২ হাজার কর্মীর মধ্যে ওই আইপিওতে প্রায় ৪ হাজার ৪০০ জন মিলিয়নিয়ার হন।
অ্যানথ্রপিকের আইপিও আরও একটি কারণে ব্যতিক্রম। প্রতিষ্ঠাতা নন, এমন অভ্যন্তরীণ শেয়ারধারীরাও লেনদেনের প্রথম দিনেই শেয়ার বিক্রি করে নগদ অর্থ হাতে নিতে পারছেন। বেশির ভাগ আইপিওতে কর্মীদের সাধারণত তিন থেকে ছয় মাস শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা বা লকআপ থাকে।
কিন্তু অ্যানথ্রপিকের তালিকাভুক্তিতে ধাপে ধাপে লকআপ সূচি রাখা হয়েছে, ফলে কর্মীরা শুরু থেকেই নিজেদের শেয়ারের ১০ শতাংশ পর্যন্ত বিক্রি করতে পারছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কতজন অভ্যন্তরীণ শেয়ারধারী এই সুযোগ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় ছড়িয়ে থাকা স্পেসএক্সের কর্মীদের তুলনায় অ্যানথ্রপিকের কর্মীরা মূলত সান ফ্রান্সিসকোকেন্দ্রিক। অতীতেও প্রযুক্তি খাতের হঠাৎ বিপুল সম্পদে এই শহরের অর্থনীতি নতুন রূপ পেয়েছে।
নতুন মিলিয়নিয়ারদের এই ঢল শিগগিরই সান ফ্রান্সিসকোর আবাসন বাজারে চাপ সৃষ্টি করতে পারে, যেখানে বাড়ির দাম ইতিমধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বাড়ছে।
আবাসন বিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান রেডফিনের হিসাব অনুযায়ী, গত অক্টোবরে সান ফ্রান্সিসকোতে একটি সাধারণ বাড়ি গড়ে ১৭ লাখ ডলারে বিক্রি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে বাড়ির গড় দাম প্রায় অপরিবর্তিত ছিল; ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটর্সের তথ্যমতে, এই দাম ছিল ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলার।

