পরশক্তিকে মোকাবিলা করতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, রাজপথে জনগণ সজাগ থেকে স্বৈরাচারী কর্মকাণ্ড প্রতিহত করবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার চতুরপাড়া এলাকায় আয়োজিত একটি মিনি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া এবং সংসদ সদস্যের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও পুলিশ কাউকে লক্ষ্য করে একটি গুলিও ছোড়েনি। বর্তমান বিএনপি সরকার পুলিশ দিয়ে মানুষ হত্যা করতে চায় না। বরং মানুষের প্রতি ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমেই সব ধরনের অরাজকতার জবাব দিতে চায় সরকার।
তিনি আরও বলেন, দেশের মানুষ যেকোনো অপশক্তি ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ। জনগণকে সাথে নিয়েই সব ধরনের অপতৎপরতা প্রতিহত করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি।


