লক্ষ্মীপুরের প্রয়াত মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের নেতাদের হত্যার পরিকল্পনা এবং বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে পাঁচ-ছয়জন ‘গেরিলা’ প্রস্তুত রাখার কথা বলতে শোনা যায় এক ব্যক্তিকে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা কণ্ঠস্বর শুনে দাবি করেছেন, সেটি বিপ্লবের। তবে অডিওটি তার কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে মামুন নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে বিভিন্ন নির্দেশনা দিতে শোনা যায়। ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অডিওতে বিএনপি-জামায়াতের নেতাদের হত্যা, তাদের বাড়িঘরে আগুন দেওয়া এবং হামলার দায় অন্য দলের ওপর চাপানোর পরিকল্পনার কথা উঠে এসেছে।
অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘৫-৬টা গেরিলা হোলাহাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো। ধামধুম বাড়িঘর জ্বালাই দিব।’
এ ছাড়া ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হলে বিএনপি-জামায়াতের গুরুত্বপূর্ণ ১০ জনকে ধরে মারার নির্দেশনা দেওয়ার কথা শোনা যায়। তাদের মধ্যে কয়েকজনকে হত্যার পরিকল্পনার কথাও বলা হয়। পুরো বিষয়টি দূর থেকে বসে মাথা ঠান্ডা রেখে করার পরামর্শ দিতে শোনা যায় ওই ব্যক্তিকে।
অডিওতে জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি হওয়ার আগ্রহের কথাও বলতে শোনা যায় বিপ্লবের কণ্ঠ বলে দাবি করা ব্যক্তিকে। এ জন্য তার নামে মিছিল করা যায় কি না, তা দেখতে বলেন তিনি। মিছিলের ব্যানারে শেখ হাসিনার নাম এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান রাখার কথাও বলা হয়। ব্যানারের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার বাবা আবু তাহেরের ছবি রাখার নির্দেশনা দেন তিনি।
অডিওর শেষ দিকে পাঁচ-ছয়জন গেরিলা সদস্য প্রস্তুত করার কথা বলা হয়। তাদের এলাকায় প্রতিষ্ঠিত করে দেওয়ার পাশাপাশি রক্তপিপাসু মানসিকতা, মানুষের প্রতি ভালোবাসা এবং দলের শৃঙ্খলা মেনে চলার বিষয়েও কথা বলতে শোনা যায়।
এ এইচ এম বিপ্লবের বিরুদ্ধে অতীতেও একাধিক হত্যা মামলায় সাজা হয়েছিল। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের নেতা এ এস এম মহসিন ও কামাল হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও ২০১৮ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির ক্ষমায় কারাগার থেকে মুক্তি পান বিপ্লব। অন্য দুই মামলায় তার সাজা কমিয়ে ১০ বছর করা হয়।
অডিওর বিষয়ে জানতে এ এইচ এম বিপ্লবের হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিপ্লব আত্মগোপনে রয়েছেন। তাঁকে আইনের আওতায় আনার জন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।’
বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাই এ কে এম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সালাহ উদ্দিন টিপুও বর্তমানে পলাতক।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিপ্লবের বাসার সামনে এবং শহরের মাদামব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিপ্লবও আসামি। তাকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

