ঢাকার আশুলিয়ায় কবিরপুর পুলিশ ক্যাম্পের প্রধান ফটক ও নিরাপত্তা চৌকির ঠিক সামনেই জড়ো হয়ে স্লোগান দিয়ে শোডাউন করেছেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। তবে এ বিষয়ে কিছুই জানত না বলে দাবি করেছে ক্যাম্প ও থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও গাজীপুর-আশুলিয়া সীমান্তবর্তী কবিরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে প্রকাশ্যে এ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেলের নির্দেশে শুক্রবার দুপুর ২টা থেকে আড়াইটার দিকে এ ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি পুলিশ ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে দ্রুত স্থান ত্যাগ করে।
স্থানীয়রা জানান, দুপুরে মিছিলে অনেক লোকজনের সমাগম ছিল। অবশ্যই পূর্বপ্রস্তুতি ছিল। জড়ো হলেও কেউ টের পায়নি। অথচ সামনেই পুলিশ ক্যাম্প।
নাম প্রকাশে অনিচ্ছুক কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের এক নেতা জানান, দলের হাইকমান্ড ও স্থানীয় নেতৃত্বের নির্দেশেই নেতাকর্মীদের সক্রিয় রাখতে ও কর্মসূচি সফল করতে তারা এ ঝটিকা মিছিলের আয়োজন করেন।
এদিকে কবিরপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, পারিবারিক কারণে (চাচির মৃত্যুতে) আমি ছুটিতে ক্যাম্পের বাইরে রয়েছি। মিছিলের কোনো তথ্য আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে পুলিশকে আগে থেকে কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


