বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল দিতে এখন থেকে আলাদা আলাদা অ্যাপ ব্যবহারের প্রয়োজন হবে না। পরিচিত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ থেকেই এসব বিলের পাশাপাশি ক্রেডিট কার্ডের বিল, বিমার অর্থ, ফাস্ট্যাগ এবং ঋণের কিস্তিও পরিশোধ করা যাবে।
প্রাথমিকভাবে ভারতের ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে হোয়াটসঅ্যাপের নতুন বিল পেমেন্টস সুবিধা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ধাপে ধাপে এ সুবিধা আরও ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরাও সুবিধাটি পাবেন।
নতুন এ পরিষেবা ভারত বিল পেমেন্ট ব্যবস্থা বা ভারত কানেক্ট নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হবে। এ ব্যবস্থার আওতায় প্রায় ২২ হাজার ৭২২টি বিল প্রদানকারী প্রতিষ্ঠান এবং ৩০টি বিলের বিভাগ রয়েছে।
হোয়াটসঅ্যাপের বিল পেমেন্টস সুবিধায় বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলের পাশাপাশি ফাস্ট্যাগ, বিমা, ক্রেডিট কার্ডের বিল এবং ঋণের কিস্তি পরিশোধ করা যাবে। ভারত বিল পেমেন্ট ব্যবস্থার আওতাভুক্ত আরও বিভিন্ন পরিষেবার বিলও এই প্ল্যাটফর্ম থেকে দেওয়া যাবে।
একই বিল প্রদানকারী প্রতিষ্ঠানের অধীনে একাধিক হিসাব রাখার সুবিধাও থাকছে। ফলে নিজের বাড়ির পাশাপাশি অফিস কিংবা পরিবারের অন্য সদস্যদের বিলও একই জায়গা থেকে পরিচালনা করা সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপ থেকে বিল পরিশোধ করতে প্রথমে অ্যাপটি খুলে মূল পর্দার ওপরের দিকে থাকা রুপির চিহ্নে চাপ দিতে হবে। এরপর কাঙ্ক্ষিত বিলের বিভাগ নির্বাচন করতে হবে। সেখানে বিদ্যুৎ, পানি, গ্যাস, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন বিকল্প পাওয়া যাবে।
এরপর তালিকা থেকে সংশ্লিষ্ট বিল প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করে প্রয়োজনীয় গ্রাহক নম্বর বা হিসাবের তথ্য দিতে হবে। তথ্য যাচাইয়ের পর হোয়াটসঅ্যাপে বিলের পরিমাণ ও অন্যান্য বিবরণ দেখা যাবে।
সবশেষে পছন্দের অর্থ পরিশোধের পদ্ধতি নির্বাচন করে লেনদেন সম্পন্ন করা যাবে। ইউপিআই, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ব্যবহার করেও বিল পরিশোধের সুযোগ থাকছে।
শুধু বিল পরিশোধ নয়, আগের লেনদেনের তথ্যও দেখা যাবে হোয়াটসঅ্যাপের বিল পেমেন্টস বিভাগে। পাশাপাশি আসন্ন বিলের তথ্যও পাওয়া যাবে।
আগে যেসব বিল প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পরিশোধ করা হয়েছে, সেগুলো দ্রুত ব্যবহারের জন্য আলাদাভাবে দেখানোর ব্যবস্থাও থাকছে।
মেটা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অরুণ শ্রীনিবাস বলেন, কোটি কোটি ভারতীয়ের কাছে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন নাগরিকসেবা পাওয়ার সহজ মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। এখন বিল পরিশোধের কাজটিও যেন বার্তা পাঠানোর মতো সহজ হয়, সে লক্ষ্যেই এ সুবিধা চালু করা হয়েছে।
এর মাধ্যমে ভারতে হোয়াটসঅ্যাপের সেবার পরিধি আরও বাড়ল। যোগাযোগের পাশাপাশি মোবাইল রিচার্জ, ইউপিআই লেনদেন ও মেট্রো-সংক্রান্ত সেবার পর এবার বিদ্যুৎ, গ্যাস, পানি, বিমাসহ বিভিন্ন বিল পরিশোধের সুবিধাও যুক্ত হলো প্ল্যাটফর্মটিতে।




