সারাদিন ইনস্টাগ্রাম রিলস দেখতেই কি আপনার বেশি ভালো লাগে? ঘণ্টার পর ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করেই কি কেটে যায় সময়? তাহলে আপনার জন্যই রয়েছে এক অদ্ভুত ও লোভনীয় চাকরির সুযোগ।
ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনফ্লুইশ’ এমন একজন কর্মী খুঁজছে, যার মূল কাজই হবে সারাদিন রিলস দেখা এবং কোন কনটেন্ট ভাইরাল হচ্ছে তা শনাক্ত করে সংস্থাকে জানানো। খবর এনডিটিভির।
সম্প্রতি দীপাবলি উপলক্ষে প্রকাশিত এক ভিডিওতে এই ব্যতিক্রমী নিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ভিডিওতে এক কর্মী জানান, যারা সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাদের সেই অভ্যাসের জন্যই এবার অর্থ দিতে চায় তারা।
প্রতিষ্ঠানটির ভাষ্য, ‘আমরা এমন একজন ডুমস্ক্রোলার খুঁজছি, যিনি সারাদিন রিলস স্ক্রল করবেন এবং ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।’
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘গ্যাংসঅবস্টার্টআপ’-এর বায়োতে থাকা গুগল ফরমের লিংক ব্যবহার করে আবেদন করতে বলা হয়েছে। ফরমটিতে নাম, ফোন নম্বর, ঠিকানা, পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপের আগ্রহ, সেই সাথে বর্তমান ও প্রত্যাশিত বেতনের তথ্য দিতে হবে। পাশাপাশি জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করার পর যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করবে কর্তৃপক্ষ।
গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত হওয়ার পর থেকেই ভিডিওটি দারুণ সাড়া ফেলেছে। ইতিমধ্যে তিন লাখের বেশিবার দেখা হয়েছে এটি। প্রতিষ্ঠানটির দাবি, এরই মধ্যে ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এই অদ্ভুত চাকরির খবর ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই এটিকে ‘পারফেক্ট জব’ বা স্বপ্নের চাকরি হিসেবে অভিহিত করেছেন। কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন, এই কাজ পেলে তারা সেরা পারফরমার হিসেবে পুরস্কারও জিতে নেবেন!

