প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কল সেন্টার চালু করেছে। এখন থেকে নির্ধারিত নম্বরে ফোন করে কনস্যুলার সেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারবেন প্রবাসীরা।
কল সেন্টারের নম্বর ৮৪৪-৮৬১-১৯৭১ ও ২১২-৫৯৯-৬৭৬৭। গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ সেবার কার্যক্রম শুরু হয়। পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ ও কনস্যুলার সেবা সহজীকরণের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এ কল সেন্টার চালু করা হয়েছে।
নিউইয়র্কসহ কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা এ কল সেন্টারের মাধ্যমে কনস্যুলার সেবা-সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা নিতে পারবেন।
কল সেন্টার পরিচালনার জন্য একদল প্রযুক্তি-সচেতন ও প্রশিক্ষিত তরুণকে যুক্ত করা হয়েছে। তারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন।
প্রবাসীদের দ্রুত সেবা নিশ্চিত করতে কল সেন্টারটি সপ্তাহের সাত দিনই চালু থাকবে। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কল করে সেবা নেওয়া যাবে।
কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোনে সংযোগ না পাওয়া গেলে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন। পরে সংশ্লিষ্ট এজেন্টরা সেই বার্তা পর্যালোচনা করে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবেন।
নিউইয়র্ক কনস্যুলেটের এ উদ্যোগের ফলে কনস্যুলেট ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও সুসংগঠিত, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

