...|...|...

জাতীয়

মালয়েশিয়া প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৮
Shares
মালয়েশিয়া প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এ বিষয়ে সতর্ক করে হাইকমিশন জানায়, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন কর্মকর্তারা কুয়ালালামপুরের ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের আশপাশে অবস্থানরত কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন।

হাইকমিশন জানায়, সোমবার ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল ভবনসংলগ্ন এলাকা এবং ভবনের নিচতলায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশিকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

বিষয়টি হাইকমিশনের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। পরে ইমিগ্রেশন কর্মকর্তারা সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্টের প্রমাণ এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ যাচাই করে তাদের ছেড়ে দেন।

এ বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাইকমিশনের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের আটক করতে দেশজুড়ে অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এসব অভিযানে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি আটক হয়েছেন।

এদিকে আটক বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরানোর প্রক্রিয়ায় সহায়তা করতে বিভিন্ন আটককেন্দ্র নিয়মিত পরিদর্শন করছে বাংলাদেশ হাইকমিশন।