...|...|...

জাতীয়

বাংলাদেশ চীনের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু: চীনা রাষ্ট্রদূত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৫৩
Shares
বাংলাদেশ চীনের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশকে চীনের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফল সফরের কথা স্মরণ করে চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন তিনি।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরে বাংলাদেশকে চীনের ‘বিশ্বস্ত অংশীদার ও বন্ধু’ হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএমইসি), চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন এবং রংপুরে প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং নারীর ক্ষমতায়ন নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে চীন সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শামা ওবায়েদ ইসলাম এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে উদ্যোগটির প্রশংসা করেন।