সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, প্রয়োজন হলে প্রচলিত আইন আরও শক্তিশালী করা হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।’
মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক বাংলাদেশে ঢোকানো হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরাদ পরিকল্পনা করছে এবং ড্রোনের মাধ্যমে বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, মাদক এখন আর শুধু খুলনার সমস্যা নয়; এটি সারা দেশের সমস্যা। এ কারণে দেশজুড়ে ডোপ টেস্টের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


