...|...|...

জাতীয়

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সকাল ১০:০৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৯
Shares
নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাবেন মালিকরা। আগে এ সময়সীমা ছিল ১৫ নভেম্বর ২০২৬।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে ও সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ করা হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮০ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বরপ্লেটেই অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরির উপাদান হিসেবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্লেটের রং হবে সাদা এবং এর ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। ম্যানুয়াল নম্বরপ্লেটের ওপর অন্য কোনো লোগো, প্রতীক বা নকশা ব্যবহার করা যাবে না।

এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বিআরটিএর নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।