...|...|...

জাতীয়

আনতালিয়ায় তারেক-এরদোয়ান বৈঠক

প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সকাল ৭:৪৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:১১
Shares
প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন।

তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে মঙ্গলবার (১০ নভেম্বর) দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় এ বৈঠক হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা। বিশেষ গুরুত্ব পায় নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সাথে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সাথে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।