নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় চারপাশের বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়ে গেলেও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি সবুজ তিনতলা বাড়ির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, তীব্র বেগে কাদা ও পানির স্রোত ছুটে আসছে। মুহূর্তের মধ্যেই বাড়িটির আশপাশের একাধিক স্থাপনা ভেঙে স্রোতে তলিয়ে যায়। কিন্তু এর মাঝেও সবুজ রঙের তিনতলা বাড়িটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকে।
বন্যার তীব্র স্রোত চারদিক থেকে বাড়িটিকে ঘিরে ফেললেও পরবর্তী ভিডিওতেও দেখা যায়, ভবনটি সোজা অবস্থায় রয়েছে। এতে বাড়িটির ভেতরে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
পরবর্তীতে প্রকাশিত আরেকটি ভিডিওতে জানানো হয়, ওই বাড়ির সব সদস্যই ভয়াবহ বন্যা থেকে জীবিত ও নিরাপদে উদ্ধার হয়েছেন। এতে স্বস্তি প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
বাড়িটি কীভাবে এত শক্তিশালী স্রোতের মধ্যেও টিকে গেল, তা নিয়েও নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে ভবনটির কাঠামোগত দৃঢ়তার প্রশংসা করেছেন এবং নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের কৃতিত্ব দিয়েছেন।
ভিডিওগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ বার দেখা হয়েছে। বিভিন্ন মন্তব্যে কেউ পরিবারের সদস্যদের মানসিক অবস্থার কথা তুলে ধরেছেন, আবার কেউ ভবনটির নির্মাণকৌশলের প্রশংসা করেছেন।
নেপালে সাম্প্রতিক আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যে এই পরিবারের নিরাপদে বেঁচে যাওয়ার ঘটনাটি তাই স্বস্তি ও বিস্ময়-দুই ধরনের প্রতিক্রিয়াই তৈরি করেছে।



