সিরিয়ায় ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় চার শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদন অনুযায়ী, রাক্কা ও দেইর ইজ-জোর প্রদেশের গ্রামীণ এলাকায় প্রাণহানির ঘটনা ঘটেছে। রাক্কা, দেইর ইজ-জোর ও আলেপ্পোর গ্রামীণ এলাকায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
বন্যায় আটকে পড়া অন্তত ২৫ জনকে উদ্ধার করেছে সিভিল ডিফেন্সের দল। তাদের অনেকে পানিতে আটকা পড়েছিলেন অথবা যানবাহন নিয়ে আটকে পড়েন। দেইর ইজ-জোরে বন্যার কারণে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়া দুজনকে সামরিক হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত সিভিল ডিফেন্সের দলগুলো ১৬৫টি উদ্ধার অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৫ জন বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়। পাশাপাশি বন্যাকবলিত শিবির থেকে ৩৭৫টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বন্যায় সাতটি সেতু, কালভার্ট ও মাটির রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাক্কার কাসরাত সুরুর এলাকায় একটি মাটির কালভার্ট ধসে পড়ায় শতাধিক পরিবার আটকা পড়ে। এ ছাড়া ১৫০টির বেশি বাড়িঘর ও সরকারি স্থাপনা থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে দুটি হাসপাতাল, স্কুল ও বেকারি রয়েছে।
দেশটির আলেপ্পো, রাক্কা, দেইর ইজ-জোর, হাসাকা, হামা, হোমস ও লাতাকিয়া প্রদেশে দুর্যোগ মোকাবিলায় জরুরি সতর্কতা জারি রয়েছে। প্রবল বজ্রঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বাতাসে বিভিন্ন এলাকায় জলপথ উপচে পড়ে, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয় এবং সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধার ও জরুরি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


