...|...|...

বিশ্ব

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ২:২৫
Shares
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

ছবি: সংগৃহীত

দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে প্রাথমিক লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। একই সঙ্গে, প্রথম ইউনিটের প্রথমবার জ্বালানি পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহও সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের নিযুক্ত বাংলাদেশি জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালে রসাটমের প্রকৌশল বিভাগ রূপপুরের প্রথম ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন করে। সম্প্রতি রিঅ্যাক্টরটি সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তি স্তরে পৌঁছেছে। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অন্যদিকে, দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি চলছে। এ জন্য রসাটমের জ্বালানি বিভাগের অধীন নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেট প্ল্যান্টে তৈরি জ্বালানি অ্যাসেম্বলির প্রথম চালান বিশেষ কার্গো বিমানে বাংলাদেশে পৌঁছেছে।

প্রথম ইউনিটের জ্বালানি পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় নতুন জ্বালানিও সাইবেরিয়া থেকে আনা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানোর পর জ্বালানি কন্টেইনারগুলো নির্ধারিত সুরক্ষিত সংরক্ষণাগারে রাখা হয়।

রিঅ্যাক্টরে ব্যবহারের আগে প্রতিটি জ্বালানি অ্যাসেম্বলি দৃশ্যমান ও যন্ত্রনির্ভর পরীক্ষার মধ্য দিয়ে যাবে। পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তাবিধি অনুসরণ করে বাংলাদেশ সরকার, প্রধান ঠিকাদার ও জ্বালানি প্রস্তুতকারকের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ কমিশন এসব পরীক্ষা পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় গ্রিডে সংযোগ এবং পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্ট ইউনিটকে ধাপে ধাপে শক্তি বৃদ্ধির পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন নিতে হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার নকশায় তৈরি দুটি প্রজন্ম-৩+ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে। কেন্দ্রটির দুই ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটির মূল নকশাকার ও প্রধান ঠিকাদার হিসেবে কাজ করছে রসাটমের প্রকৌশল বিভাগ।