ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। নতুন এ নীতির আওতায় পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও মিশর থেকে যাওয়া ওমরাহযাত্রীদের জন্য ‘নুসুক’ খাদ্য ভাউচার বাধ্যতামূলক করা হয়েছে। দৈনিক প্রায় ২০ সৌদি রিয়াল মূল্যের এই ভাউচারের খরচ সরাসরি ওমরাহ ভিসার মোট ফি-এর সঙ্গে যুক্ত থাকবে।
মঙ্গলবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ পাকিস্তান।
প্রতিবেদনে বলা হয়, নতুন নীতিটি ১ রবিউল আউয়াল থেকে কার্যকর হবে। এর আওতায় ওমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন, খাবার এবং অন্যান্য সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনা করা হবে।
এ উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। প্রত্যেক ওমরাহযাত্রী ভিসার সঙ্গে একটি অনন্য (ইউনিক) ডিজিটাল কোড পাবেন। এই কোড ব্যবহার করে তারা অনুমোদিত রেস্তোরাঁ ও আউটলেট থেকে খাবার সংগ্রহ করতে পারবেন।
প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ব্যবস্থার লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত, নিরাপদ ও সুসংগঠিত খাদ্যসেবা নিশ্চিত করা, অনিবন্ধিত সেবাদাতাদের নিরুৎসাহিত করা এবং তীর্থযাত্রীদের সার্বিক সেবার মান আরও উন্নত করা।
তবে নতুন এই নীতির কারণে ওমরাহ প্যাকেজের সামগ্রিক খরচ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও মিশরের ট্রাভেল এজেন্সিগুলো ইতোমধ্যে তাদের ওমরাহ প্যাকেজ ও মূল্য পুনর্বিবেচনার প্রস্তুতি শুরু করেছে।


