সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাহরানে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএকে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হামলার পরপরই আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
এর আগে সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশ থেকে কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল হুথিরা। এসব স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবেও ঘোষণা করে গোষ্ঠীটি।
হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এ সতর্কবার্তা দেন সৌদি নেতৃত্বাধীন জোটের একটি নির্দেশের জবাবে। ওই নির্দেশে ইয়েমেনের রাজধানী সানায় হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেন অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয়েছিল। এর জবাবে সারি হুঁশিয়ারি দেন, সানায় হামলা হলে সৌদি রাজধানী রিয়াদে ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ পাল্টা আঘাত হানা হবে।
সৌদি বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদন অনুযায়ী, হুথিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র রিয়াদে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে সৌদি আরব। দেশটির সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


