সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
শনিবার (২৮ নভেম্বর) সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন বসবাসসংক্রান্ত আইন, ২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জন এবং দেশটি থেকে বের হওয়ার চেষ্টাকালে ২১ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও কাজের সুযোগ দেওয়ার অভিযোগে আরও ২৩ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। পাশাপাশি এ কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
এদিকে, এ ধরনের আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।


