মিয়ানমারে একটি বিয়েবাড়িতে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক মানুষ বসবাস করছেন। বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল ওই বাড়িতে।
এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, হামলার পর আহতদের উদ্ধারে এগিয়ে যান তিনি। সেখানে ১৭ জনের মরদেহ দেখতে পান। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দাদের তোলা ছবিতে এক নারী ও এক শিশুসহ অন্তত ছয়জনের মরদেহ দেখা গেছে। তবে এসব ছবি ও ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।
মোয়ে বাই শহরটি মিয়ানমারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আশপাশের গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে সক্রিয় রয়েছে সামরিক সরকারবিরোধী সশস্ত্র বাহিনী।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, এই সংঘাতে সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
বিয়েবাড়িতে বিমান হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


