ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক দিনের মধ্যে আঘাত হানতে পারে ভয়াবহ ঝড় ও বৃষ্টি। এতে জরাজীর্ণ তাঁবুতে বসবাসকারী ১৩ লাখের বেশি ফিলিস্তিনি মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছে গাজার সিভিল ডিফেন্স।
শুক্রবার (২৭ নভেম্বর) গাজার সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজার মোট জনসংখ্যার ৬৫ শতাংশই বসবাসের অনুপযোগী তাঁবুতে দিন কাটাচ্ছেন। আসন্ন ঝড়-বৃষ্টিতে প্রায় দুই লাখ জরাজীর্ণ তাঁবু ও এক হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর ভবন ধসে পড়ার আশঙ্কাও রয়েছে।
তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস সঠিক হলে গাজায় ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়, মানবিক সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মাহমুদ বাসাল আরও জানান, জ্বালানি, উদ্ধারকারী যানবাহন, পানিনিষ্কাশনের পাম্প, ব্যাটারি ও প্রয়োজনীয় যন্ত্রাংশের তীব্র সংকটে রয়েছে সিভিল ডিফেন্স। বাস্তুচ্যুতদের সুরক্ষায় জরাজীর্ণ তাঁবু বদলে বৃষ্টির পানি প্রতিরোধে সক্ষম নতুন তাঁবু সরবরাহের ওপর জোর দেন তিনি।
এর আগে গত ৬ নভেম্বর গাজায় ভয়াবহ ঝড়ের সময় বালুর বাঁধ ধসে দুই নারী ও তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হন। ওই ঝড়ে ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয় এবং ক্ষতিগ্রস্ত হন প্রায় সাড়ে তিন লাখ ফিলিস্তিনি।
এ ছাড়া গত ১৩ নভেম্বর তীব্র ঠান্ডায় শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় কিনান আহমেদ আরকিক নামে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শীতেও ঠান্ডার কারণে ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছিল।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর চতুর্থ শীতের মুখোমুখি গাজাবাসী। ব্যাপকভাবে ধ্বংস হয়েছে ঘরবাড়ি, অবকাঠামো ও পয়োনিষ্কাশন ব্যবস্থা। ন্যূনতম জীবনধারণের সুযোগ-সুবিধা ছাড়াই তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন লাখ লাখ ফিলিস্তিনি। এর মধ্যেই আসন্ন ঝড়-বৃষ্টির পূর্বাভাস তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।


