...|...|...

বিশ্ব

আফগানিস্তানে নারীর নামও নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৬
Shares
আফগানিস্তানে নারীর নামও নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। চিকিৎসাসংক্রান্ত নথিসহ বিভিন্ন সরকারি কাগজপত্রে নারীর নাম লেখা যাবে না। হাসপাতালেও নারী রোগীদের নামের পরিবর্তে ‘বিবি’ বলে সম্বোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বালখ প্রদেশের হাসপাতালকর্মীদের নারী রোগীদের ‘বিবি’ বলে সম্বোধন করতে বলা হয়েছে। আফগানিস্তানে সব বয়সী নারীর ক্ষেত্রে শব্দটি সম্মানসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হলেও এর অর্থ অনেকটা ‘দাদি’ বা ‘নানি’র কাছাকাছি।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, কয়েকজন নারী ও অধিকারকর্মীর অভিযোগ, কিছু ক্ষেত্রে তালেবান সদস্যরা নারীদের বোঝাতে ‘ছাগল’ বা ‘গরু’র মতো অবমাননাকর শব্দও ব্যবহার করছেন।

তালেবানের বিভিন্ন বিধিনিষেধের কারণে আফগান নারীদের চিকিৎসাসেবা পাওয়াও ক্রমেই কঠিন হয়ে উঠছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত স্বাস্থ্যসেবার কারণে দেশটির নারীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

কুনার প্রদেশের এক নারী জাতিসংঘকে জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ না পাওয়ায় তাকে একাধিকবার গর্ভপাতের মতো পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।

আফগানিস্তানের অনেক প্রদেশে নারী রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে পুরুষ চিকিৎসকদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অথচ স্বাস্থ্যসেবা খাত দেশটির হাতে গোনা কয়েকটি ক্ষেত্রের একটি, যেখানে নারীদের কাজ করার অনুমতি রয়েছে।

এর মধ্যেই ২০২৪ সালের ডিসেম্বরে নারীদের চিকিৎসাবিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় তালেবান সরকার। ফলে ভবিষ্যতে দেশটিতে নারী স্বাস্থ্যকর্মীর সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এই পরিস্থিতিকে ‘দ্বিমুখী সংকট’ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রশিক্ষিত নারী স্বাস্থ্যকর্মীদের অনেকে অবসরে যাচ্ছেন বা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। অথচ তাদের জায়গায় নতুন নারী স্বাস্থ্যকর্মী তৈরির সুযোগ বন্ধ রয়েছে।

দেশের অধিকাংশ এলাকায় পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের চিকিৎসা দেওয়ার ওপর বিধিনিষেধ থাকায় ভবিষ্যতে আফগান নারীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ কার্যত বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

বালখ প্রদেশে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার আগেও সরকারি নথি সংগ্রহে আফগান নারীদের নানা বাধার মুখে পড়তে হতো।

জাতিসংঘের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়, পরিচয়পত্রসহ নাগরিকত্ব-সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহের সময় নারীদের সাথে একজন পুরুষ অভিভাবক বা স্বজন থাকা বাধ্যতামূলক।

কিন্তু দীর্ঘ দাফতরিক প্রক্রিয়া, দূরবর্তী এলাকায় যাতায়াত এবং এ সময় আয় হারানোর আশঙ্কায় অনেক পুরুষ স্বজন নারীদের সাথে যেতে চান না।

আবার অনেকের ধারণা, অধিকাংশ নারীকে যেহেতু কাজ করার অনুমতি দেওয়া হয় না, তাই তাদের সরকারি নথিরও প্রয়োজন নেই।

সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন নারীপ্রধান পরিবারের সদস্যরা। সাথে যাওয়ার মতো পুরুষ অভিভাবক না থাকায় নিজেদের কিংবা সন্তানদের প্রয়োজনীয় নথি সংগ্রহ করাও তাদের জন্য কঠিন হয়ে পড়ে।

অথচ চিকিৎসাসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন মৌলিক সেবা পেতে এসব নাগরিক নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ।