...|...|...

বিশ্ব

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে রহস্যময় ড্রোন, ইরান-সংশ্লিষ্টতার সন্দেহ

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৯
Shares
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে রহস্যময় ড্রোন, ইরান-সংশ্লিষ্টতার সন্দেহ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের একটি সামরিক বিমানঘাঁটির কাছে উড়ে আসা প্রায় ছয়টি ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী। বিশেষ ড্রোন প্রতিরোধব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন সরিয়ে দেওয়া হয়। ঘটনার সাথে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হলেও এখন পর্যন্ত এর পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর যুক্তরাজ্যের সাফোক কাউন্টিতে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) লেকেনহিথ ঘাঁটির কাছে ড্রোনগুলো শনাক্ত হয়। এ ঘটনায় ঘাঁটিতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয় এবং সেখানে অবস্থানরত মার্কিন সেনাসদস্যদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।

ব্রিটিশ ও মার্কিন বাহিনী কোনো ড্রোন উদ্ধার করতে পারেনি। ফলে ড্রোনগুলো অস্ত্র, নজরদারি যন্ত্র কিংবা অন্য কোনো সরঞ্জাম বহন করছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

লেকেনহিথ ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর ৪৮তম ফাইটার উইং মোতায়েন রয়েছে। প্রায় সাত হাজার সদস্যের উপস্থিতিতে এটি ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধবিমান ঘাঁটি।

মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, সন্দেহজনক ও অননুমোদিত ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো সেনাসদস্য, যুদ্ধবিমান কিংবা সামরিক অবকাঠামোর ক্ষতি হয়নি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ পুলিশ ও মার্কিন নিরাপত্তা বাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। সামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা ও জোরদার করা হচ্ছে।

এদিকে, চলতি বছর যুক্তরাজ্যে মার্কিন বাহিনীর ব্যবহৃত একাধিক সামরিক ঘাঁটি ঘিরে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। তবে এসব ঘটনার সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির পরিপ্রেক্ষিতে সামরিক স্থাপনার সুরক্ষা, নজরদারি ও ড্রোন প্রতিরোধ সক্ষমতা বাড়াতে ৪৭ কোটি পাউন্ড বরাদ্দ করছে যুক্তরাজ্য।