...|...|...

সারাদেশ

সীমান্তে রহস্যময় ড্রোন লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:১৫
Shares
সীমান্তে রহস্যময় ড্রোন লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলি

রহস্যময় তিন ড্রোন লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলি। ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় তিনটি ড্রোনের উপস্থিতি লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে ২৭ বিজিবির মারিশ্যা জোনের হেলিপ্যাড এলাকায় ড্রোনগুলোর উপস্থিতি শনাক্ত হলে সেগুলো লক্ষ্য করে এলএমজি দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলির পর ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায়।

২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে হঠাৎ জোনের হেলিপ্যাডের ওপর রহস্যময় তিনটি ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়।

পরে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় ড্রোনগুলোকে ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় গুলির পর ড্রোনগুলো দ্রুত সরে যায়।

বিজিবির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, পাহাড়ের বিরাজমান অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে অজ্ঞাত কোনো পক্ষ নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। তবে ড্রোনগুলোর পরিচয়, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা পক্ষ এবং সেগুলোর উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে জোনের আওতাধীন সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।