টানা দরপতনের পর বিশ্ববাজারে ঘুরে দাঁড়িয়েছে সোনা ও রুপার দাম। সপ্তাহের শুরুতে কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও শেষ দিকে মূল্যবান ধাতু দুটির দামে বড় ধরনের উত্থান দেখা গেছে। বিশ্বজুড়ে শেয়ারবাজারের ঘুরে দাঁড়ানো, প্রযুক্তি খাতে বিক্রির চাপ কমে আসা এবং কম দামে কেনার প্রবণতা এই মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে এই ঊর্ধ্বগতি কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে সোনার স্পট মূল্য ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৭২ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্য ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭১ দশমিক ৯০ ডলারে। একই দিনে রুপার স্পট মূল্য ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৪ দশমিক ২৭৫৫ ডলারে পৌঁছেছে।
কেন বাড়ছে সোনা-রুপার দাম?
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির চাপ কমেছে। পাশাপাশি দরপতনের সুযোগ কাজে লাগিয়ে কম দামে মূল্যবান ধাতু কিনতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।
তবে যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বাড়ানোর সম্ভাবনা সোনা-রুপার ঊর্ধ্বগতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। অক্টোবরে দেশটির কোর পিসিই মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৩ দশমিক ৩ শতাংশে। ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৯২ শতাংশ।
আরও কতটা বাড়তে পারে দাম?
ব্রিকওয়ার্ক রেটিংসের গবেষণা প্রধান রাজীব শরণের মতে, নিকট ভবিষ্যতে সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৪৫০ থেকে ৩ হাজার ৭৫০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।
অগমন্টের প্রধান গবেষণা কর্মকর্তা রেনিশা চেইনানির পূর্বাভাস অনুযায়ী, সোনার দাম ৩ হাজার ৫৫০ থেকে ৩ হাজার ৭০০ ডলার এবং রুপার দাম ৪১ থেকে ৪৪ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করলেও স্থায়ী ঊর্ধ্বগতির বিষয়ে নিশ্চিত হওয়ার সময় এখনো আসেনি। বাজারের পরবর্তী গতিপথ নির্ভর করবে মার্কিন ডলারের অবস্থান, মূল্যস্ফীতি, কর্মসংস্থানের তথ্য এবং আগামী ৯ ডিসেম্বর ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের ওপর।


