যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। প্রায় ১৮ বিলিয়ন ডলার মূল্যের এই উদ্যোগের মাধ্যমে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবসার প্রতি জনসমর্থন বাড়াতে চাইছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উৎসবের প্রাক্কালে এই ঘোষণা দেন মাস্ক। এর কয়েক ঘণ্টা আগেই মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের লক্ষ্যে ১০ লাখ স্যাটেলাইট মোতায়েনের অনুমোদন পায় স্পেসএক্স।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক জানিয়েছেন, প্রতিটি শিশু একটি শেয়ার পাবে স্পেসএক্সের পক্ষ থেকে, অন্যটি দেবেন তিনি ব্যক্তিগতভাবে। এখানেই শেষ নয়, ভবিষ্যতে প্রতিবছর যুক্তরাষ্ট্রের শিশুদের একটি করে শেয়ার দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
স্পেসএক্সের পক্ষ থেকে দেওয়া শেয়ার আগামী মাসেই হস্তান্তর করা হবে। আর নিজের মালিকানাধীন শেয়ার হস্তান্তরের বিধিনিষেধের মেয়াদ শেষ হলে আগামী বছরের জুনে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুত শেয়ার দেবেন মাস্ক।
স্পেসএক্স জানিয়েছে, বর্তমানে সক্রিয় প্রতিটি ‘ট্রাম্প অ্যাকাউন্টে’ একটি করে নতুন শেয়ার দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সীদের শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ করে দিতে চালু করা হয়েছে এই কর্মসূচি। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় সাত কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।
বুধবার স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। সে হিসাবে মাস্ক ও তার প্রতিষ্ঠানের সম্মিলিত প্রতিশ্রুতির আর্থিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ অর্থনীতির সুফলে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে বিপুলসংখ্যক ক্ষুদ্র বিনিয়োগকারী তৈরি করতে পারবেন মাস্ক।
তবে স্পেসএক্সের মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়ে উদ্বেগও বাড়ছে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি সতর্ক করে জানিয়েছে, বিপুলসংখ্যক স্যাটেলাইট মোতায়েন জ্যোতির্বিজ্ঞান গবেষণা ও রাতের আকাশ পর্যবেক্ষণে বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে।
এদিকে, মাস্কের প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও জনকল্যাণে নিজেদের ৫ শতাংশ শেয়ার নিয়ে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী, যার মূল্য প্রায় ৫৪ বিলিয়ন ডলার।


