...|...|...

বিশ্ব

দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগে সাইবার হামলা, এক দিনেই লক্ষাধিক গ্রাহকের তথ্য ফাঁস

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৫
Shares
দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগে সাইবার হামলা, এক দিনেই লক্ষাধিক গ্রাহকের তথ্য ফাঁস

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার অনলাইন ডাকসেবা ব্যবস্থায় সাইবার হামলা চালিয়ে অন্তত ১ লাখ ১৩ হাজার ৮৫৫ গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, ঠিকানা ও ফোন নম্বর।

শনিবার (২৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগের বরাতে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া তথ্যের এই সংখ্যা মাত্র এক দিনের হিসাব। সাইবার হামলায় প্রকৃতপক্ষে কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে কোরিয়া পোস্ট।

হ্যাকাররা ডাক বিভাগের মোবাইল ওয়েবসাইটে পণ্য সরবরাহের ঠিকানা পরিবর্তনের একটি সুবিধা কাজে লাগিয়ে গ্রাহকদের তথ্যে প্রবেশ করে। গত ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিতরণের জন্য পাঠানো নিবন্ধিত ডাকের তথ্য হাতিয়ে নেয় তারা।

কোরিয়া পোস্ট জানিয়েছে, তথ্য চুরির বিষয়টি শনাক্ত করার পর বুধবার পুলিশকে জানানো হয়। পাশাপাশি পণ্য সরবরাহের ঠিকানা পরিবর্তনসহ বেশ কয়েকটি সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিদেশি আইপি ঠিকানা থেকেও মোবাইল ওয়েবসাইটে প্রবেশের সুযোগ বন্ধ করা হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে কোরিয়া পোস্টের প্রধান পার্ক ইন-হোয়ান জানিয়েছেন, ঘটনার কারণ খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং জনগণের আস্থা ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে একাধিক তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। এর আগে রাষ্ট্রায়ত্ত কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশন থেকে প্রায় ১৫ লাখ ২০ হাজার মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছিল।