দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রত্যন্ত একটি অঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় একমাত্র জীবিত উদ্ধার হয়েছেন হেলিকপ্টারের পাইলট। মাদক উৎপাদন ও চোরাচালানের জন্য পরিচিত ওই অঞ্চলটি ‘কোকেন ভ্যালি’ নামে পরিচিত।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আপুরিমাক, এনে ও মানতারো নদীর উপত্যকায় সেনাসদস্যদের উদ্ধার অভিযানের সময় সানাবাম্বা শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তল্লাশি ও উদ্ধার অভিযানে বিধ্বস্ত হেলিকপ্টার এবং এতে থাকা নয় সেনাসদস্যের সন্ধান পাওয়া যায়। তাদের মধ্যে এনজো এসপিনোজা রোকে নামে হেলিকপ্টারের পাইলট একমাত্র জীবিত রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী লিমায় নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে তিন সেনাসদস্যকে উদ্ধারের পর হেলিকপ্টারটি নিখোঁজ হয়। কী কারণে ওই সেনাসদস্যদের উদ্ধারের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে উদ্ধার করা তিন সেনাসদস্যও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পেরুর সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড।
‘কোকেন ভ্যালি’ নামে পরিচিত অঞ্চলটি পেরুর সবচেয়ে বড় কোকা চাষের এলাকা। সেখানে বিভিন্ন অপরাধী চক্র ও সাবেক বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথের অবশিষ্ট সদস্যরা সক্রিয় রয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ১৫ জনের সবাই নিহত হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, কলম্বিয়ার পাশাপাশি পেরু বিশ্বের অন্যতম বৃহৎ কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশ।


