পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এর আওতায় মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন, জনসমাবেশ, র্যালি ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ডেপুটি কমিশনার হিকমতুল্লাহ এ-সংক্রান্ত আদেশ জারি করেন। আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে, যান চলাচলে বাধা সৃষ্টি করতে পারে কিংবা নাগরিকদের চলাচলে ব্যাঘাত ঘটাতে পারে—এমন সভা, সমাবেশ, মিছিল ও র্যালি আয়োজন করা যাবে না। পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন এবং সরকারি সড়কে তাঁবু বা অস্থায়ী কাঠামো স্থাপনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ১৮৮ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। তবে উপযুক্ত কর্তৃপক্ষ চাইলে নির্ধারিত সময়ের আগেই এ আদেশ সংশোধন বা প্রত্যাহার করতে পারবে।
এদিকে, পাকিস্তানের আরও কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। গত রোববার করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ করা হয়। এর আগে শনিবার রাওয়ালপিন্ডি জেলায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
এ ছাড়া জনশান্তি, শৃঙ্খলা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পাঞ্জাব প্রদেশজুড়ে ১৫ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর করেছে প্রাদেশিক স্বরাষ্ট্র বিভাগ।


