পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
সোমবার (১২ অক্টোবর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার কাছে ‘মুশশাক’ নামের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় টেকনিক্যাল ফল্ট বা যান্ত্রিক ত্রুটির জেরে বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে।
আনাদলু এজেন্সির বরাতে জানা গেছে, দুর্ঘটনায় নিহত দুই পাইলট হলেন—ইন্সট্রাক্টর পাইলট মেজর হুসাইন শাহজাদ হুমায়ুন এবং ট্রেইনি বা প্রশিক্ষণার্থী পাইলট ক্যাপ্টেন আবদুল সামাদ।
এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


