বিশ্ববাজারে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে ওঠার পর ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে সোনার দামে পতন ঘটেছে।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববাজারে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ১৭৬ ডলার ৮৬ সেন্টে নেমে এসেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
একই দিনে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের জন্য সোনার ফিউচার মূল্যও ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২০০ ডলার ৯০ সেন্টে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম গত ২ অক্টোবরের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছিল।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অ্যাকটিভট্রেডস’-এর প্রধান নির্বাহী রিকার্ডো ইভানজেলিস্তা জানান, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ হতে যাচ্ছে। মূল্যস্ফীতি বেশি হলে ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে। এতে ট্রেজারি বন্ডের মুনাফা ও ডলার শক্তিশালী হয়ে সোনার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। কারণ, ব্যাংক সুদের হার বেশি থাকলে সোনায় বিনিয়োগ কমিয়ে বিকল্প সম্পদে ঝোঁকেন বিনিয়োগকারীরা।
বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দাম যথাক্রমে ০.৩ ও ০.২ শতাংশ কমলেও প্যালাডিয়ামের দাম ০.১ শতাংশ বেড়েছে।
এদিকে স্থানীয় বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় লেনদেন হচ্ছে। অন্যদিকে দেশে ২২ ক্যারেটের রুপার দাম ভ্যাটসহ প্রতি ভরি দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৬ টাকায়।


