যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই জানিয়েছেন, এসব শর্তের কয়েকটিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের জবাবকে ‘অপর্যাপ্ত’ বলে উল্লেখ করেছেন তিনি।
ইরানের দেওয়া সাতটি শর্তের সবগুলোর বিস্তারিত প্রকাশ করেননি রেজাই। যুক্তরাষ্ট্র কোন কোন শর্ত প্রত্যাখ্যান করেছে, তা-ও স্পষ্ট করেননি তিনি।
তবে এর আগে আল-জাজিরাকে দেওয়া বক্তব্যে রেজাই কয়েকটি শর্তের কথা জানিয়েছিলেন। সেগুলো হলো—
১. সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা।
২. ইরানের অবরুদ্ধ অর্থ ও তহবিল অবমুক্ত করা।
৩. ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে নেওয়া।
৪. ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করা।
৫. ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা বন্ধ করা।
তবে বাকি দুটি শর্ত কী, তা প্রকাশ করেননি রেজাই। ফলে সাতটি শর্তের পূর্ণাঙ্গ তালিকা এখনো স্পষ্ট নয়।
এদিকে, ইরানের নিরাপত্তাপ্রধান সতর্ক করে বলেছেন, সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাড়া অপর্যাপ্ত হওয়ায় দুই দেশের মধ্যে চুক্তির পথ এখনো অনিশ্চিত বলে জানিয়েছেন তিনি।


