সৌদি আরবের দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই দিনে দেশটির আরও দুটি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানায়, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। নিরাপত্তা যাচাইয়ের কাজও চলছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর দেয় সৌদি কর্তৃপক্ষ। ওই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়। তবে হতাহতের সংখ্যা ও তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
অন্যদিকে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেন। তাঁর দাবি, হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা হয়েছে। এতে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
সারি আরও দাবি করেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি তেল কোম্পানি আরামকোর শেদগাম গ্যাস প্ল্যান্ট ও তানাজিব তেল স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিল।
হুথিদের দাবি, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের ওপর আরও হামলার হুমকিও দিয়েছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র।



